
ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে দখলকৃত কিছু ভূখণ্ড বিনিময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হতে পারেন বলে জানিয়েছে রুশ সংবাদপত্র কমেরসান্ত, তবে বিনিময়ের শর্ত হিসেবে তিনি পুরো দনবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ২৪ ডিসেম্বর রাতে ক্রেমলিনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে পুতিন এই পরিকল্পনার কথা তুলে ধরেন এবং জানান, দনবাস রাশিয়ারই থাকবে—এ নীতিতে কোনো পরিবর্তন আসবে না, যদিও দনবাসের বাইরে রুশ নিয়ন্ত্রণাধীন কিছু ভূখণ্ড আংশিক অদলবদল বা হস্তান্তরের সম্ভাবনা উড়িয়ে দেননি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একটি ২০ দফার শান্তি পরিকল্পনা চূড়ান্ত করার পথে অগ্রগতি হলেও ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা দনবাসের অবশিষ্ট অংশ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো ঐকমত্য হয়নি এবং জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়েও মতবিরোধ রয়ে গেছে। রাশিয়ার দাবি অনুযায়ী, তারা ক্রিমিয়া ছাড়াও দনবাসের বড় অংশ এবং জাপোরিঝঝিয়া ও খেরসনের উল্লেখযোগ্য এলাকা নিয়ন্ত্রণ করছে, আর শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনকে এসব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার ও ন্যাটোতে যোগদানের আশা ত্যাগের কথা আগেই উল্লেখ করেছেন পুতিন।